ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বাড়ি এখন  কিন্ডারগার্টেন স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে বাড়িটির নিচতলাটি ভাড়া নিয়ে স্কুল পরিচালনা করা হলেও দোতলা ভাড়া দেওয়া হয়নি।

এই রাষ্ট্রপতির বংশধর মরহুম তারা মিয়ার ছেলে নইম মোল্লা এই শিক্ষাপ্রতিষ্ঠানের পার্টনার। কিন্ডারগার্টেন স্কুলটির মূল মালিক ভৈরবের প্রবীণ শিক্ষক অধ্যক্ষ আবদুল বাসেত। তার পার্টনারের সহায়তায় বাসভবনটি ভাড়া নেওয়া হয়েছে।

১৩ অক্টোবর দুপুরে ভৈরবের এ বাড়িতে সরেজমিন দেখা যায়, শিক্ষা কার্যক্রম চলছে। পরে জানা যায় সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষকে ভাড়া দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরবের কৃতী সন্তান জিল্লুর রহমানের জন্মস্থান শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায়। তিনি স্বাধীনতার পর ৫ বার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০০৯ সালে দেশের রাষ্ট্রপতি হওয়ার পর তার একমাত্র ছেলে নাজমুল হাসান পাপন তার আসনে সংসদ সদস্য হন ৪ বার। পাপন বিসিবি সভাপতিও ছিলেন তখন। রাজনৈতিক কারণে পাপন মাঝেমধ্য ভৈরবের পৈতৃক বাসায় আসা-যাওয়া করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক সরকারের পতন ঘটলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত পালিয়ে যান। সেই সময়ে দেশে বিশৃঙ্খল অবস্থায় সারা দেশের মতো জিল্লুর রহমানের নিজ বাসভবনটি দুর্বৃত্তরা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ক্ষতি সাধান করে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য জিল্লুর রহমানের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তার দুজন মেয়ে আছে; কিন্তু তারা কোথায় আছে এই তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, ‘এখন শুনলাম। এখন পর্যন্ত আমাকে এ বিষয়ে কেউ লিখিতভাবে কিছু জানায়নি। যদি কেউ লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ