ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পবিপ্রবিতে বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ১ম ব্যাচের বর্ণিল গ্রাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১ম ব্যাচের গ্রাজুয়েশন সেরেমনি ও বিদায় উৎসব উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (সেকশন-এ) বিএসসি ভেট সায়েন্স অ্যান্ড এএইচ ডিগ্রির শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের এই সমাপনী মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করে।

গত শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে জমকালো ‘কালার ফেস্ট’ বা আবির উৎসবের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা একে অপরকে রঙে রাঙিয়ে এবং আনন্দঘন মুহূর্তে ছবি তুলে ক্যাম্পাস জীবনের শেষ দিনগুলোকে ক্যামেরাবন্দী করেন।

বিকেল ৪টায় উৎসবের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন ক্যাম্পাসের প্রক্টর প্রফেসর ড. আলী আজগর। কেক কাটা শেষে এক আবেগঘন ফটোসেশন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা তাদের দীর্ঘ পাঁচ বছরের বন্ধুত্ব ও স্মৃতিগুলোকে ফ্রেমবন্দী করে রাখেন।

সন্ধ্যা নামতেই ক্যাম্পাসে শুরু হয় ভিন্নধর্মী গেমিং ইভেন্ট, যা শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগায়। এরপর রাত ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও অভিনয়ে পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ১ম ব্যাচের শিক্ষার্থীরা তাদের অনুজ শিক্ষার্থীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে, যা সিনিয়র-জুনিয়র সৌহার্দ্য ও সম্প্রীতির এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠান প্রসঙ্গে উক্ত ব্যাচের শিক্ষার্থী মোঃ কাউছার নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন,
“আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত আবেগের। কম্বাইন্ড ডিগ্রির প্রথম ব্যাচ হিসেবে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ পার করে আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। বিগত পাঁচ বছরের প্রতিটি মুহূর্ত এবং ক্যাম্পাসের প্রতিটি কোণা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সবশেষে রাত ১০টায় উৎসবের মূল আকর্ষণ হিসেবে মঞ্চে পারফর্ম করে বরিশালের জনপ্রিয় ব্যান্ড কুল ফিউশন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ব্যান্ডের সুরের মূর্ছনা ও শিক্ষার্থীদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিপ্রবির কম্বাইন্ড ১ম ব্যাচের এই স্মরণীয় গ্রাজুয়েশন উৎসবের সফল সমাপ্তি ঘটে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ