ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ছে বাংলাদেশ ও পাকিস্তান

গোয়েন্দা তথ্য বিনিময় ও যৌথ তদন্তে সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন বার্তাদীর্ঘ কয়েক দশকের দূরত্ব ও রাজনৈতিক টানাপোড়েনের পর নিরাপত্তা সহযোগিতায় নতুন অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশ ও পাকিস্তান। সম্প্রতি ঢাকায় স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকের (MoU) মাধ্যমে দুই দেশ গোয়েন্দা তথ্য আদান-প্রদান, যৌথ তদন্ত এবং নিরাপত্তা সমন্বয়ের আনুষ্ঠানিক কাঠামো গড়ে তুলেছে। বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।

শ্রীলঙ্কাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম Sri Lanka Guardian–এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতার দিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম দুই দেশের মধ্যে প্রকাশ্যে স্বীকৃত নিরাপত্তা কাঠামো গড়ে উঠল।

গত শুক্রবার (৮ মে) ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, এটি শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিকই নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ও নিরাপত্তা বাস্তবতায়ও বড় ধরনের পুনর্বিন্যাসের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে গোয়েন্দা তথ্য বিনিময়ের একটি কাঠামোবদ্ধ ব্যবস্থা চালুর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি। আনুষ্ঠানিকভাবে এটি মাদক ও মানবপাচারবিরোধী সহযোগিতা হিসেবে উপস্থাপন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এর পরিধি সাধারণ আইনশৃঙ্খলা সহযোগিতার চেয়ে অনেক বিস্তৃত।

সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হচ্ছে— দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে আনুষ্ঠানিক গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা। এর আওতায় গোপন তথ্য আদান-প্রদান, তদন্ত কার্যক্রমে সমন্বয় এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যাতে দুই দেশের সংস্থাগুলোর মধ্যে নিয়মিত ও কার্যকর যোগাযোগ বজায় থাকে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাংলাদেশ–পাকিস্তান সম্পর্কের নতুন বাস্তবতা তুলে ধরছে এবং ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতি ও নিরাপত্তা কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ