জুলাই সনদের প্রতিটি ধারা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ এবং প্রতিটি লাইন—ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, জুলাই সনদ স্বাক্ষরের আহ্বান জানিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনূস যে উদ্যোগ নিয়েছিলেন, সেখানে সর্বপ্রথম সাড়া দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটি দায়িত্বশীলতার সঙ্গে সনদে স্বাক্ষর করে।
তিনি আরও বলেন, “বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের কল্যাণে এবং দেশের উন্নয়নে এই সনদের প্রতিটি বিষয় কার্যকর করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অগ্রযাত্রা আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।









