ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
উদ্বোধনী বক্তব্যে রিজভী জানান, আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০ হাজার টাকা।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ সরকারের সময়ে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাই করা হবে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, বিরোধী দলে থাকার কারণে বিএনপির অনেক নারী নেত্রীকে কারাবরণসহ নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সবদিক বিবেচনা করে যোগ্য ও যোগ্যতম প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা। একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে কথা বলার সক্ষমতা।
এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ আরও অনেক আগ্রহী নারী নেত্রী।









