ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার বিনা খরচে বাংলাদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা মালয়েশিয়ার

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী দাতশ্রী রামানন রামকৃষ্ণন এবং বাংলাদেশের শ্রম ও কর্মস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান।

চাহিদার ভিত্তিতে বাংলাদেশি শ্রমিকদের জন্য দ্রুত শ্রমবাজার খোলার প্রক্রিয়া শুরু এবং শ্রমিকদের অভিবাসন খরচ শূন্যে নামিয়ে আনতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া।

যৌথ বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে নিশ্চিত করা হবে, যেন শ্রমিকদের অভিবাসনের পুরো খরচ নিয়োগদাতা কর্তৃপক্ষ বহন করে। অর্থাৎ, শ্রমিকরা যেন বিনা খরচে মালয়েশিয়ায় কাজের জন্য যেতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী জানান, তারা প্রযুক্তিভিত্তিক ও এআই চালিত নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিচ্ছেন। যার ফলে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাকারীর প্রভাব হ্রাস পাবে, শ্রমিকদের অভিবাসন ব্যয় কমবে এবং অভিবাসনের পুরো খরচ নিয়োগদাতাদের বহন করার বিষয়টি নিশ্চিত হবে।বাংলাদেশ এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নের উদ্যোগে পূর্ণ সমর্থন জানায়।

বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ শ্রম সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছে এবং শ্রমিক শোষণ বন্ধে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও কার্যকর নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও শিক্ষা খাতে সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়েছে। উভয় দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেছে এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করার অঙ্গীকার করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ