দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী সমমনা দলগুলোর সমন্বয়ে গঠিত জোটে নতুন নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে। জোটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এ টি এম গোলাম মওলা চৌধুরী, যিনি গণদলের চেয়ারম্যান।
বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে জোটের শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে উপস্থিত নেতারা জানান, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও কার্যকর করতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল। সেই বিবেচনায় এ টি এম গোলাম মওলা চৌধুরীর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
জোটের মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন এস এম শাহাদাত, যিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান। জোটে আরও অন্তর্ভুক্ত রয়েছে এনপিপি, জাগপা, সামবাদিদল, মুসলিম লীগ, ন্যাপ এবং এনডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।
নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী শক্তিগুলো আরও সুসংগঠিত হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন নতুন গতি পাবে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় এ টি এম গোলাম মওলা চৌধুরী বলেন, “এটি আমার জন্য একটি বড় দায়িত্ব। আমি সকল দল ও মতের সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্য গড়ে তুলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাব।”
তিনি আরও বলেন, দেশের চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তাই সমমনা সব রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, জাতীয়তাবাদী সমমনা এই জোটে দেশের বিভিন্ন ছোট-বড় রাজনৈতিক দল ও সংগঠন দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন করে আসছে। নতুন এই নেতৃত্ব কাঠামোর মাধ্যমে জোটের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।









