ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে

বেসরকারি মেডিকেল কলেজগুলোর নানা অনিয়ম নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ন্যূনতম মানদণ্ড পূরণ করতে ব্যর্থ কোনো প্রতিষ্ঠানকে আর চলতে দেওয়া হবে না।

শনিবার দুপুরে সচিবালয়ে এক ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ছুটির দিনেও মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের ফাইল পর্যালোচনা করতে গিয়ে তিনি চাঞ্চল্যকর অনিয়মের চিত্র দেখতে পান।

প্রতিমন্ত্রী জানান, অনেক মেডিকেল কলেজ বছরের পর বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো পরিচালিত হচ্ছে। কোথাও নেই নিজস্ব জমি, নেই প্রয়োজনীয় কাগজপত্র, এমনকি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর অনুমোদন ছাড়াই চলছে একাধিক প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, “অনেক জায়গায় হাসপাতাল নেই, রোগী নেই—তাহলে শিক্ষার্থীরা কীভাবে বাস্তব প্রশিক্ষণ পাবে? অভিভাবকরা কষ্টার্জিত অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছেন।”

ড. মুহিত সতর্ক করে বলেন, এসব প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণহীন চিকিৎসক বের হলে তা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। “এভাবে চলতে থাকলে জনগণের জীবন চরম ঝুঁকির মুখে পড়বে,” যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে নির্ধারিত ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত শিক্ষক, হাসপাতাল সুবিধা ও রোগী না থাকলে কোনোভাবেই কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ গড়তে কাজ করছি। ভুয়া ক্লিনিক-নার্সের মতো ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে।”

শেষে জনসাধারণের প্রতি সমর্থনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই অভিযান জনস্বার্থে চলমান থাকবে এবং জনগণের সহযোগিতা থাকলে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ