জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-ও একইভাবে শোক জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমা দিলারা হাফিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে স্থানীয় সময় দুপুর দেড়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হবে।
আগামী ৩০ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জোহর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদুল ফিতরের দিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।









