ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার হরমুজ প্রণালি নিয়ে যে নতুন বার্তা দিল ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন অবস্থান জানিয়েছে ইরান। দেশটি স্পষ্ট করেছে—‘অশত্রুভাবাপন্ন’ বাণিজ্যিক জাহাজ চলাচলে তারা বাধা দেবে না, তবে নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।

মঙ্গলবার আন্তর্জাতিক সমুদ্র সংস্থার সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বার্তা দেয়। এতে বলা হয়, কোনো আগ্রাসী শক্তি যেন এই প্রণালিকে ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে, সে লক্ষ্যেই কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, যেসব জাহাজকে ‘অশত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচনা করা হবে, তারা ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিরাপদে এই জলপথ ব্যবহার করতে পারবে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলোর জাহাজকে ‘শত্রুভাবাপন্ন’ তালিকায় রাখা হয়েছে—ফলে তারা এই সুবিধার বাইরে থাকবে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, চিঠিটির অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট সব সদস্য দেশের কাছে পৌঁছে গেছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান করিডোর হরমুজ প্রণালি—যা আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। প্রতিদিন বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে হয়।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে এই প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ইতোমধ্যে একাধিক তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ