চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে ঈদের দিন এক পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শনিবার (২১ মার্চ) ঈদের নামাজ শেষে চৈতন্যপুর-মহেশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নও মুসলিম আব্দুর রহমান (পূর্ব নাম রাজকুমার), তার স্ত্রী মোসা. খাদিজা বেগম (পূর্ব নাম মধুমিতা রানী) এবং তাদের কন্যা মোসা. ফাতেমা খাতুন (পূর্ব নাম পায়েল কুমারী) ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা দীর্ঘদিন ধরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে পারিবারিকভাবে আলোচনা শেষে গত ১৮ মার্চ জেলা জজ কোর্টে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
ঈদের জামাত শেষে উপস্থিত মুসল্লিদের সামনে তাদের ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মুসল্লিরা তাদের স্বাগত জানান এবং নতুন জীবনের জন্য দোয়া করেন।
এ সময় উপস্থিত মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। নগদ প্রায় ৫৯ হাজার টাকা সংগ্রহ করা হয়। এছাড়া স্থানীয়ভাবে বাড়ি নির্মাণের জন্য জমি, দরজা এবং টিনসহ বিভিন্ন উপকরণ দেওয়ার ঘোষণা আসে।
রানীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ জালাল উদ্দিন মাস্টার বলেন, ইসলাম শান্তির ধর্ম—এর সৌন্দর্যে অনুপ্রাণিত হয়ে পরিবারটি কোনো ধরনের জবরদস্তি ছাড়াই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছে। তিনি নব-ধর্মান্তরিত এই পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান।









