সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে ধারণা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছর রমজান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজানের ২৯তম দিনে নতুন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে সেদিন চাঁদ দেখা সম্ভব না হওয়ায় অধিকাংশ আরব দেশে রমজান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে।
তিনি আরও জানান, ১৯ মার্চ রমজানের ৩০তম দিন পূর্ণ হওয়ার পর ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে গণ্য হতে পারে। সে অনুযায়ী ওই দিনই ঈদুল ফিতর উদযাপনের সম্ভাবনা রয়েছে।
এদিকে শারজাহ অ্যাকাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্রও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, হিজরি ১৪৪৭ সনের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, ১৮ মার্চ রমজানের ২৯তম দিনে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাওয়ায় সেদিন খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এমনকি টেলিস্কোপ ব্যবহার করেও চাঁদ দেখা কঠিন হতে পারে।
তবে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি ধারণ করা সম্ভব হলেও তা সাধারণ পর্যবেক্ষণে দৃশ্যমান নাও হতে পারে। এসব জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব-নিকাশের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তবে চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।









