বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা ও দুঃখ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা-৪ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং ঘটনার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তাকে বিএনপির এক সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কথাও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি জানান, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং এটি মূলত একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গত ৪ মার্চ ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করে বলেন, এ ধরনের মন্তব্য করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, সে বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা বলেও তিনি উল্লেখ করেন।
শেষে নিজের মন্তব্যের জন্য তিনি আবারও দুঃখ প্রকাশ করেন।









