বাংলাদেশসহ বিশ্বের সব দেশের নাগরিকদের জন্য সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইরান ও ইসরায়েল-এর চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে এক মাস বৃদ্ধি করা হবে। এ প্রক্রিয়া সম্পূর্ণ ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে এবং এর জন্য ভিসাধারীদের কোনো ফি প্রদান, অতিরিক্ত আবেদন কিংবা সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
আঞ্চলিক অস্থিরতার মধ্যে বিদেশি নাগরিকদের সুবিধা ও অবস্থান নিরাপদ রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।









