ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ডেপুটি স্পিকার কে হচ্ছেন? আলোচনায় জামায়াতের ৫ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দল হিসেবে দায়িত্ব পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে এ পদে কে মনোনীত হচ্ছেন—তা নিয়ে চলছে জোর জল্পনা।

সোমবার (২ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর জন্য ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তার এ বক্তব্যের পরই সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনা তীব্র হয়।

ডেপুটি স্পিকার পদের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জামায়াতের সাবেক আমির প্রয়াত মতিউর রহমান নিজামী–এর সন্তান নাজিবুর রহমান মোমেন। তিনি পাবনা-১ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

একই সঙ্গে আলোচনায় আছেন জামায়াতের সাবেক নেতা প্রয়াত মীর কাসেম আলী–এর ছেলে আহমদ বিন কাসেম আরমান। তিনি ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্র বলছে, অতীতের নজির অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার পদে আইনজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিবেচনায় দুই ব্যারিস্টারের সম্ভাবনা জোরালো। তবে তুলনামূলক কম বয়স গুরুত্বপূর্ণ এ পদে বিবেচনায় প্রভাব ফেলতে পারে বলেও মত রয়েছে দলের একটি অংশের।

তরুণদের পাশাপাশি আলোচনায় রয়েছেন দলের প্রবীণ নেতারাও। রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত অধ্যাপক মুজিবুর রহমানের নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছে। তিনি বর্তমানে জামায়াতের নায়েবে আমির এবং অতীতে একাধিকবার ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনিক অভিজ্ঞতার কারণে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খানও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন। তিনি বর্তমানে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। দলীয় সাংগঠনিক নেতৃত্বে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ডেপুটি স্পিকার পদের আলোচনায় রয়েছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনও। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এই প্রবীণ নেতা কারওয়ানবাজার-তেজগাঁও অঞ্চলের গুরুত্বপূর্ণ আসন থেকে বিজয়ী হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজধানী থেকে নির্বাচিত হওয়াও তার পক্ষে একটি বড় বিবেচ্য বিষয় হতে পারে।

তবে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে, ডেপুটি স্পিকার পদ নিয়ে যেসব নাম আলোচনা হচ্ছে—সবই এখন পর্যন্ত অনানুষ্ঠানিক। চূড়ান্ত সিদ্ধান্ত হবে দলীয় ও সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ