ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শেষ ভাষণে যা বলেছিলেন খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনায় তার মৃত্যু হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মৃত্যুর আগে গত ১৭ ফেব্রুয়ারি দেওয়া তার সর্বশেষ প্রকাশ্য ভাষণে তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন।

ওই ভাষণে খামেনি বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরোধক্ষম অস্ত্র থাকা অপরিহার্য। তিনি সতর্ক করে বলেন, কোনো দেশের কাছে প্রতিরোধক্ষম অস্ত্র না থাকলে শত্রুরা সহজেই সেই দেশকে দুর্বল করে ফেলতে পারে।

জেনেভাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে দেওয়া ওই বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনাও করেন। খামেনি বলেন, আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অযথা হস্তক্ষেপ করছে এবং কোন ধরনের অস্ত্র রাখা যাবে বা যাবে না—সে বিষয়ে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে, যা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, আমেরিকা নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর অধিকারী মনে করে। তবে ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে শক্তিশালী বাহিনীও বড় ধরনের আঘাতে দুর্বল হয়ে পড়েছে।

তার এই বক্তব্যকে ইরানের প্রতিরক্ষা নীতির দৃঢ় অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ