অসাধারণ গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান করে নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। চলতি বছরে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’-এর প্রকাশিত ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি এইচ-ইনডেক্স র্যাঙ্কিং ২০২৫-এ তিনি বিশ্বের সপ্তম স্থানে অবস্থান করছেন। একই সঙ্গে এশিয়ার বিজ্ঞানীদের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।
সম্প্রতি প্রকাশিত এ তালিকায় বিশ্বের ৩৩ হাজার ৫১১ জন শীর্ষ বিজ্ঞানীর গবেষণা কার্যক্রম মূল্যায়ন করা হয়। বৈশ্বিক তালিকায় সপ্তম হলেও এশিয়ায় শীর্ষস্থান অর্জনের মাধ্যমে অধ্যাপক সাইদুর রহমান নতুন এক মাইলফলক স্থাপন করেছেন।
এর আগে, ২০২৪ সালের স্কলারজিপিএস র্যাঙ্কিং অনুযায়ী সানওয়ে ইউনিভার্সিটির অধ্যাপক সাইদুর রহমান সাসটেইনেবল এনার্জি গবেষণায় বিশ্বের সেরা বিজ্ঞানী হিসেবে প্রথম স্থান অর্জন করেন। একই বছরে স্ট্যানফোর্ড-এলসেভিয়ার প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি গবেষণা ক্ষেত্রে তিনিই ছিলেন শীর্ষে।
ময়মনসিংহ জেলার কৃতি সন্তান অধ্যাপক সাইদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি মালয়েশিয়ার স্বনামধন্য সানওয়ে ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।
গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ২০১৯ ও ২০২৪ সালে সানওয়ে ইউনিভার্সিটি থেকে বিশেষ গবেষণা পুরস্কার লাভ করেন। এছাড়া, ওয়েব অব সায়েন্সের ন্যানোফ্লুইড গবেষণায় তিনি বিশ্বের গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বলে জানা গেছে।
তার এই আন্তর্জাতিক সাফল্যে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, অধ্যাপক সাইদুর রহমান তার মেধা ও গবেষণার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশকে গর্বের সঙ্গে তুলে ধরছেন।









