আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) আয়োজিত এ সভায় শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তিনি শ্রমিকদের জীবনমান উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মওলা চৌধুরী বলেন, একটি দেশের সুষম উন্নয়নের জন্য শ্রমিকদের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় জাতীয়তাবাদী সমমনা জোট অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে সোচ্চার ভূমিকা পালন করবে।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, শ্রমনির্ভর বাংলাদেশের অধিকাংশ শ্রমিকই অদক্ষ। তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে সরকারি সহায়তায় বিদেশে পাঠানো গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগের চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএলের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, মহাসচিব জাকির হোসেন রিয়াজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।









