ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর এপিএস হলেন হুমায়ুন রশিদ

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন মো. হুমায়ুন রশিদ। এতে সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রতিক্রিয়া ও সন্তোষ প্রকাশ করা হয়েছে।

গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর-এর অভিপ্রায় অনুযায়ী জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৯ম গ্রেড ও সংশ্লিষ্ট সুবিধাদিসহ মো. হুমায়ুন রশিদকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব, যেখানে প্রতিমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সরাসরি সহায়তা প্রদান করতে হয়।

এতে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর যতদিন এ পদে দায়িত্ব পালন করবেন অথবা হুমায়ুন রশিদকে সহকারী একান্ত সচিব হিসেবে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

মো. হুমায়ুন রশিদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর মরজাল উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন মেধাবী ও সৎ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এ নিয়োগে নিজ এলাকা রায়পুরাসহ আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

উল্লেখ্য, আহম্মদ সোহেল মনজুর পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় পিরোজপুর জেলায় ব্যাপক আনন্দের সঞ্চার হয়। দায়িত্ব গ্রহণের পর তার নির্বাচনী এলাকায় অবকাঠামো উন্নয়ন, সড়ক নির্মাণ, শিক্ষা ও জনসেবামূলক বিভিন্ন খাতে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, মো. হুমায়ুন রশিদ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব পদে নিয়োগ পাওয়ার খবরে নেছারাবাদসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক, সামাজিক ও সাধারণ জনগণের মধ্যে আনন্দ ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে প্রতিমন্ত্রীর কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ