রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। মেলাটি চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
পর্যটন ও ভ্রমণবিষয়ক শীর্ষ প্রকাশনা দি বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার ২১তম আসরে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।
মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এসময় উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীনসহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পণ্য ও সেবা প্রদর্শন করবে।
দর্শনার্থীরা মেলা থেকে দেশি-বিদেশি বিমান টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং, এমনকি মেডিকেল ট্যুরিজম সেবাও আকর্ষণীয় ছাড়ে গ্রহণ করতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এছাড়া প্রবেশ টিকিটের ওপর থাকছে র্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
মেলার পার্টনার হিসেবে সহযোগিতা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, সেবার এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
পর্যটন শিল্পকে গতিশীল করা এবং ভ্রমণপ্রেমীদের জন্য এক ছাদের নিচে বিভিন্ন সেবা তুলে ধরতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।









