ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পুলিশ খুঁজে পায় না, অথচ আদালতে গিয়ে জামিন নিলেন জোড়া খুনের ২ আসামি

imon-burhan

মোবারক হোসেন ইমন ও বোরহান উদ্দিন

চট্টগ্রামের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার অন্যতম প্রধান দুই আসামি মোবারক হোসেন ওরফে ইমন ও বোরহান উদ্দিনকে দীর্ঘদিন ধরে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো ঘোল খাইয়ে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নিয়েছেন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদের’ এই দুই সহযোগী।

গত ১ ফেব্রুয়ারি তারা জামিন পেলেও আদালতের আদেশটি গত ২৯ মার্চ বাকলিয়া থানায় আসার পর বিষয়টি জানতে পারে পুলিশ। পুলিশের খাতায় ‘পলাতক’ থাকা অবস্থায় দুর্ধর্ষ দুই সন্ত্রাসীর এভাবে জামিন নেওয়াকে গোয়েন্দা নজরদারির বড় ব্যর্থতা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ তাদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালাচ্ছিল কিন্তু এরই মধ্যে তারা জোড়া খুনের মামলায় জামিন পেয়েছেন। বিষয়টি এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে জানানো হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে আধিপত্য বিস্তার ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বখতিয়ার হোসেন (৩০) ও মো. আবদুল্লাহকে (৩২) গুলি করে হত্যা করা হয়। মোবারক ও বোরহান এই জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামি এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ অন্তত ৭-৮টি করে মামলা রয়েছে।

সন্ত্রাসীদের পরিচয়ের ক্ষেত্রে জানা যায়, ফটিকছড়ির কাঞ্চননগরের মো. মুসার ছেলে মোবারক হোসেন ওরফে ইমন বড় সাজ্জাদ বাহিনীর অন্যতম প্রধান ক্যাডার। তার বিরুদ্ধে জোড়া খুন ও ‘ঢাকাইয়া আকবর’ হত্যাসহ মোট ৭টি মামলা রয়েছে।

অন্যদিকে বোরহান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও খুনের অন্তত ৮টি মামলা রয়েছে। নির্মাণাধীন ভবনের মালিক ও ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং চাঁদা না পেয়ে প্রকাশ্যে রাস্তায় গুলি চালানোর একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার এই ঘটনায় পুলিশের গোয়েন্দা নজরদারির চরম ব্যর্থতা দেখছেন। তার মতে, চিহ্নিত ও আলোচিত এই দুই সন্ত্রাসীকে যথাসময়ে গ্রেপ্তার করতে না পারা পুলিশের পেশাদারিত্বের অভাব। আসামিরা যেহেতু উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন, তাই রাষ্ট্রপক্ষের উচিত দ্রুত কার্যকর আইনি পদক্ষেপ নেওয়া।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফিজুল হক ভূঁইয়া জানান, আসামিদের জামিন পাওয়ার বিষয়টি তাদের নজরে এসেছে এবং রাষ্ট্রপক্ষ এই স্পর্শকাতর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ