ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শুক্রবার (৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৬০০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেন। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদল ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

ভর্তি পরীক্ষা শেষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিউল্লাহ এবং দপ্তর সম্পাদক ইনজামামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ও আশপাশের ফুটপাতে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।

এ বিষয়ে পাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক ইনজামামুল হক বলেন, ‘আজকে একযোগে সারাদেশে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়।

ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পাবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে তথ্য ও সহযোগিতা কেন্দ্র স্থাপন করা হয়। এসব বুথে শিক্ষার্থীরা তাদের ব্যাগ, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে জমা রাখতে পেরেছেন।

তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়। এছাড়াও গরমে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তির জন্য ছাত্রদলের পক্ষ থেকে প্রায় দুই হাজার লিটার পানির ব্যবস্থা করা হয় এবং দুই হাজার পাঁচশত কলম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, পরীক্ষা শেষে ক্যাম্পাস এলাকা যানজটমুক্ত রাখতে ছাত্রদলের স্বেচ্ছাসেবকরা কাজ করেন এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কর্মসূচি পালন করা হয়।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ