ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার প্রবাসীদের সুখবর দিল আরব আমিরাত সরকার

মধ্যপ্রাচ্যে চলমান অস্থির পরিস্থিতির কারণে United Arab Emirates-এ আটকে পড়া প্রবাসী ও পর্যটকদের জন্য বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (আইসিপি) জানিয়েছে, ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পারা বিদেশি নাগরিকদের জন্য ৩০ দিনের বিশেষ সময়সীমা বৃদ্ধি এবং জরিমানা সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের আকাশপথে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় অনেক প্রবাসী ও পর্যটক নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়তে পারেননি। এ পরিস্থিতি বিবেচনায় যারা অনিচ্ছাকৃতভাবে ওভারস্টে করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

বিশেষ করে যেসব প্রবাসীর রেসিডেন্সি ভিসা ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে, তাদের জন্য পুনরায় দেশে প্রবেশের বিশেষ অনুমতিও দেওয়া হয়েছে। অন্যদিকে ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় এসে আটকে পড়া ব্যক্তিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তাদের জন্য অতিরিক্ত ৩০ দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করা হয়েছে।

এছাড়া আটকে পড়া বিদেশি নাগরিকদের নিজ দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে প্রশাসন বিনামূল্যে এক্সিট পারমিট বা দেশত্যাগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হলেই তারা কোনো জটিলতা ছাড়াই নিজ দেশে ফিরে যেতে পারবেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশপথে বিঘ্নের কারণে যদি কোনো আন্তর্জাতিক ফ্লাইট জরুরি ভিত্তিতে আমিরাতে অবতরণ করতে বাধ্য হয়, তবে সেই যাত্রীদের জন্য বিনামূল্যে সাময়িক অবতরণ অনুমতি (টেম্পোরারি ল্যান্ডিং পারমিট) দেওয়া হবে।

আইসিপি স্পষ্ট করেছে, এই বিশেষ পরিস্থিতিতে ভিসার মেয়াদ বাড়ানো বা এক্সিট পারমিটের জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারাকে অভিবাসন আইনের লঙ্ঘন হিসেবে ধরা হবে না।

এই সুবিধা মূলত তাদের জন্য প্রযোজ্য হবে যারা সংঘাত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের বেশি দিন আমিরাতে অবস্থান করছেন। এর মধ্যে রয়েছেন ভিজিট ও ট্যুরিস্ট ভিসাধারী, ডিপারচার পারমিটধারী এবং যাদের রেসিডেন্সি পারমিট সম্প্রতি বাতিল হয়েছে।

আবেদন প্রক্রিয়ার জন্য যাত্রীদের বৈধ পাসপোর্ট, বর্তমান ভিসার কপি এবং পরবর্তী ভ্রমণের প্রমাণপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। দুবাইসহ আমিরাতের বিভিন্ন শহরে অবস্থানরত প্রবাসীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভ্রমণকারীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সর্বশেষ নির্দেশনা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ