যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের ভূমি ও আকাশসীমা কোনো পক্ষকে ব্যবহার করতে দেবে না বলে স্পষ্ট অবস্থান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রসহ কোনো দেশই ইউএই’র ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে সামরিক হামলা চালাতে পারবে না।
মঙ্গলবার (৩ মার্চ) দেশটির মিনিস্টার অব স্টেট ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন রিম আল হাসিমি বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট ও পরিমিত। সংযুক্ত আরব আমিরাত কোনো আক্রমণের জন্য তার আকাশসীমা বা ভূমি ব্যবহার করতে দেবে না। আমরা আমাদের সার্বভৌমত্ব এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে অঞ্চলজুড়ে একটি নিরাপত্তা হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা পরস্পরনির্ভরশীল এবং চলমান সংকটের সামরিক সমাধান নেই। “আরও উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে,” যোগ করেন তিনি।
সাম্প্রতিক ইরানি হামলার প্রেক্ষাপটে ইউএই তেহরানে তাদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে এবং রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে বলেও জানান রিম আল হাসিমি।
এদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল নাসের আল হুমাইদি বলেন, “আমরা কখনোই আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হতে দেব না। আকাশপথের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আমাদের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা প্রস্তুত রয়েছে।”
অন্যদিকে অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আব্দুল্লা বিন তৌক জানিয়েছেন, দেশের খাদ্য ও প্রয়োজনীয় পণ্যের চার থেকে ছয় মাসের চাহিদা পূরণে পর্যাপ্ত কৌশলগত মজুত রয়েছে। বাজারে সরবরাহ স্বাভাবিক আছে এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত তদারকি চলছে।









