ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলা, নিহত ৯

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ ঘিরে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং আরও ১৮ জন আহত হয়েছেন। রোববার (১ মার্চ) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা করাচির এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবনে প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনার পর নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও রেঞ্জারের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে পরিস্থিতি আরও অবনতি না ঘটে এবং জননিরাপত্তা নিশ্চিত করা যায়।

এদিকে সিন্ধু প্রাদেশিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান ঘটনার বিস্তারিত জানতে করাচির অতিরিক্ত আইজির কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন তলব করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। একইসঙ্গে প্রদেশজুড়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ