ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার আইসিসিকে নতুন প্রস্তাব দিলো বাংলাদেশ

ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে পারেননি ভারতের আইসিসি প্রতিনিধি গৌরব সাক্সেনা। তবে তিনি অনলাইনের মাধ্যমে শনিবার গুলশানের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত আইসিসি–বিসিবি বৈঠকে অংশ নেন। বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়, যদিও আলোচনার ফলাফল নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শনিবারের বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠক শেষে আইসিসির প্রতিনিধি দল বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারে। উভয় পক্ষই আশাবাদী, চলমান আলোচনার মাধ্যমে একটি ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান। ব্রিটিশ পুলিশের সাবেক এই কর্মকর্তা আগে আইসিসির একই বিভাগের অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, প্রত্যাশার চেয়ে দেরিতে ভিসা পাওয়ায় আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স) গৌরব সাক্সেনা সরাসরি উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন।

বিসিবি রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির কাছে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে—বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে হবে, যেখানে গ্রুপটির সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করার পাশাপাশি দল, সমর্থক, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগ আইসিসিকে জানানো হয়েছে। বৈঠকটি গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান খুঁজতে ভিন্ন গ্রুপে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় আসে।

বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি জানিয়েছে, উভয় পক্ষই আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে।

উল্লেখ্য, উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছা প্রকাশ করে। সে অবস্থান থেকে না সরে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবিতে অনড় রয়েছে বিসিবি। তবে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপে রাখার লক্ষ্যে আলোচনার পথ খোলা রেখেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ