পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের রিসেপশন শেষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নবদম্পতিও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠান শেষে অনেক অতিথি ওই বাড়িতেই অবস্থান করছিলেন। তারা ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বিস্ফোরণটি ঘটে। এতে বাড়ির একটি অংশ ধসে পড়ে এবং আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
সরকারি প্রশাসক সাহিবজাদা ইউসুফ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
নিহত বর-এর বাবা হানিফ মাসিহ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, বিস্ফোরণে তার স্ত্রী ও ভাবি প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিক গ্যাসের স্বল্পতার কারণে পাকিস্তানের বহু পরিবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের ওপর নির্ভরশীল। এর আগেও গ্যাস লিক ও নিরাপত্তাজনিত ত্রুটির কারণে এসব সিলিন্ডার থেকে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
গ্যাস সিলিন্ডার ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নাগরিকদের সচেতন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।








