বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন এ এ এম সালেহ, যিনি সাংবাদিকতা অঙ্গনে সালেহ শিবলী নামে পরিচিত।
শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বি এম আব্দুস সাত্তার বাংলাদেশ সরকারের সাবেক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে নবনিযুক্ত প্রেস সচিব সালেহ শিবলী ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘদিন ধরে তিনি দেশের সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার কর্মজীবন শুরু হয় দৈনিক বাংলাবাজার পত্রিকায়। পরবর্তীতে তিনি দৈনিক মানবজমিন, সংবাদ সংস্থা ইউএনবি, রেডিও টুডে ও চ্যানেল আইসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সালেহ শিবলী জাপানের কিতাকিয়ুশু ফোরাম অন এশিয়ান উইমেন (কেএফএডব্লিউ) প্রকাশিত ম্যাগাজিন এশিয়ান ব্রিজ-এ নারীর ক্ষমতায়ন বিষয়ে একাধিক নিবন্ধ লিখেছেন। এছাড়া প্রবাস জীবনে তিনি লন্ডনের বাংলাভাষী টেলিভিশন চ্যানেল এস এ-এ নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি গণমাধ্যম ও প্রশাসন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বর্তমানে অস্ট্রেলিয়াভিত্তিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সিডনি পলিসি অ্যান্ড রিসার্চ সেন্টারের নন-রেসিডেন্ট ফেলো হিসেবে যুক্ত রয়েছেন।








