ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর তিনি রাজধানীর সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে তাঁকে নিজ আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থন সংগ্রহ করতে হয়।
হলফনামায় দেওয়া তথ্যে জানা যায়, পেশায় চিকিৎসক ডা. তাসনিম জারার চাকরি থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। পাশাপাশি দেশের বাইরে তাঁর আয় রয়েছে ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।

সম্পদের বিবরণে উল্লেখ করা হয়েছে, তাঁর নামে কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা কৃষিজ ও অকৃষিজ জমি নেই। তবে তাঁর কাছে ২ লাখ ৫০ হাজার টাকার অলংকার রয়েছে। ব্যাংকে নিজের নামে জমা রয়েছে ১০ হাজার ১৯ টাকা এবং হাতে নগদ রয়েছে ১৬ লাখ টাকা। এ ছাড়া তাঁর কাছে রয়েছে ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।

হলফনামা অনুযায়ী, ডা. তাসনিম জারার বিরুদ্ধে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই। একই সঙ্গে তাঁর স্বামী খালেদা সাইফুল্লাহর সম্পদের তথ্যও হলফনামায় উল্লেখ করা হয়েছে। স্বামীর হাতে নগদ রয়েছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে তাঁর বার্ষিক আয় ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড বলে উল্লেখ করা হয়েছে।

ব্যক্তিগত তথ্যে জানা যায়, ডা. তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তাঁর পিতার নাম ফখরুল হাসান এবং মাতার নাম আমেনা আক্তার দেওয়ান। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় বসবাস করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ