সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী, পাবনা-১ (সাঁথিয়া–বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর দুই আওয়ামী লীগ নেতা ও এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১/১১–এর রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কৃত হন।
তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করলেও পরাজিত হন। ২০১৮ সালে গণফোরামে যোগ দিয়ে বিএনপির প্রতীক ধানের শীষে নির্বাচন করেন। এছাড়া ২০১৪ ও ২০২৪ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন।








