বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দীর্ঘ ১৮ বছরের রাজনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কের নানা স্মৃতিচারণ করেন।
পোস্টে আন্দালিব রহমান পার্থ লেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে তিনি গভীরভাবে শোকাহত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানাতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, ২০০৮ সাল থেকে খালেদা জিয়ার সঙ্গে তার সম্পর্ক শুরু হয়, যা রাজনৈতিক গণ্ডি ছাড়িয়ে স্নেহ, শ্রদ্ধা ও আস্থার বন্ধনে পরিণত হয়েছিল। বাবার ইন্তেকালের পর জীবনের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া তাকে রাজনীতিতে পাশে বসিয়ে দিকনির্দেশনা দিয়েছেন, সংসদে তার বক্তৃতার প্রশংসা করেছেন এবং জনসভায় তার বক্তব্য তুলে ধরে তাকে উৎসাহিত করেছেন।
২০১৩-১৪ সালের একটি স্মরণীয় ঘটনার কথা উল্লেখ করে পার্থ লেখেন, সে সময় রাজনৈতিক অস্থিরতার মধ্যে খালেদা জিয়া তাকে জিজ্ঞেস করেছিলেন—তিনি কি দল ছেড়ে চলে যাচ্ছেন। উত্তরে তিনি বলেছিলেন, ‘আপনার গাড়িতে প্রধানমন্ত্রীর পতাকা ওঠার আগে আমার গাড়িতে কোনো পতাকা উঠবে না, ইনশাআল্লাহ।’ আজ তিনি মনে করেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদকে অতিক্রম করে মানুষের হৃদয়ের নেত্রীতে পরিণত হয়েছেন।
পোস্টের শেষে তিনি লেখেন, বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের মানুষের প্রতি তার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।








