বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, একটি প্রহসনমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে তাকে অকথ্য নির্যাতনের শিকার হতে হয়। যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি সম্পূর্ণ সাজানো ছিল—এ কথা সুপ্রিম কোর্টের আপিল ও রিভিউ পর্যায়ের রায়ের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার করে তাকে ওই মামলায় সাজা দেওয়া হয়েছিল।
আইন উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে যা করার প্রয়োজন ছিল, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে সব সময় সেসব বিষয়ে খোঁজখবর রেখেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়ে বিদেশে চিকিৎসার সুযোগ থাকত, তবে সরকার সর্বাত্মক সহযোগিতা করত। দুর্ভাগ্যজনকভাবে আমরা যদি তাকে এক বা দুই বছর আগে পেতাম, তাহলে হয়তো আরও কিছু করার সুযোগ থাকত।
তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো—তিনি সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন।
ড. আসিফ নজরুল জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আমরা চাই জানাজা ও দাফন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি। ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যম যেভাবে সরকারকে সহযোগিতা করে আসছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।








