ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি

দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে উপস্থিত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি কার্যালয়ের সামনে পৌঁছান।

কার্যালয়ে প্রবেশের পর তিনি সোজা দোতলার বারান্দায় গিয়ে সেখানে জড়ো হওয়া নেতাকর্মীদের সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, “আজ কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। যেদিন কর্মসূচি থাকবে, সেদিন বক্তব্য দেব। শুধু এতটুকু বলবো—যার যতটুকু সামর্থ্য আছে, আসুন আমরা সবাই মিলে দেশটাকে নতুন করে গড়ে তুলি।”

তিনি আরও বলেন, “যার পক্ষে যতটুকু সম্ভব, আমরা যেন সে অনুযায়ী কাজ করি। কোথাও রাস্তায় যদি এক টুকরো কাগজ বা ময়লা পড়ে থাকে, সেটিও আমরা সরিয়ে দেব। ছোট ছোট কাজের মাধ্যমেই দেশ গড়ার উদ্যোগ নিতে হবে।”

এ সময় তিনি তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং নেতাকর্মীদের ভালো থাকার আহ্বান জানান।

তারেক রহমানের আগমন উপলক্ষে নয়াপল্টনের বিএনপি কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়। বিকেল ৪টার দিকে তিনি নেতাকর্মীদের উদ্দেশে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে বেলা ৩টায় গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন। নয়াপল্টনে পৌঁছালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। এ সময় কার্যালয় প্রাঙ্গণে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন এলাকা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ