
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-তে শুরু হয়েছে চরম অভ্যন্তরীণ দ্বন্দ্ব। মনোনয়ন ও আসন সমঝোতা ইস্যুকে ঘিরে দলটিতে ভাঙনের সুর শোনা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের একটি বড় অংশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটে যোগদানের প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি নিয়ে দলের শীর্ষ নেতৃত্বে চরম অস্থিরতা বিরাজ করছে।
সূত্রগুলো বলছে, আসন বণ্টন ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং মহাসচিব ড. রেদোয়ান আহমেদের একচ্ছত্র আধিপত্যে ক্ষুব্ধ হয়ে পড়েছেন সিনিয়র নেতাদের একটি অংশ।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একনায়কতান্ত্রিকভাবে নেওয়া হচ্ছে।
এই দুই নেতার প্রভাববলয়ে ক্ষুব্ধ হয়ে প্রেসিডিয়াম সদস্যদের কেউ কেউ ইতোমধ্যে পদত্যাগেরও চিন্তা করছেন বলে জানা গেছে।
মনোনয়ন ঘোষণাকে ঘিরে সেই ক্ষোভ এখন প্রকাশ্য রূপ নিয়েছে।
প্রসঙ্গত, এর আগেও ২০১৯ সালে আবদুল করিম আব্বাসী ও শাহাদত হোসেন সেলিমের নেতৃত্বে এলডিপি থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। এবারও দলটির ইতিহাস যেন পুনরাবৃত্তির পথে।








