ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান সালাউদ্দিন আহমেদ।

জাতীয় নির্বাচনে তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন—এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন, তা পরে নির্ধারিত হবে। যেকোনো আসন থেকেই তিনি নির্বাচন করতে পারেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে অংশ নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। আমরা অবশ্যই চাই তিনি অংশগ্রহণ করুন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা দেখতে অপেক্ষা করতে হবে। যদিও জোটভুক্ত হওয়ার বিষয়ে এনসিপির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তিনি বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ