ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্য হলে জামায়াতে ইসলামি আসন ভাগাভাগির সমঝোতায় যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজন হলে জামায়াত সর্বোচ্চ ১০০ আসনও ছেড়ে দিতে পারে।
শুক্রবার (৩ অক্টোবর) খুলনায় ইসলামী ছাত্রশিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ৩০০ আসনের প্রার্থী বাছাই করেছি। তবে যাদের সঙ্গে ঐক্য হবে, তাদের জন্য কিছু আসন ছেড়ে দিতে হবে।
তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন থেকেই নিজ নিজ এলাকায় যোগাযোগ জোরদার করতে হবে। উপজেলা, ইউনিয়ন ও গ্রামের জনগণের সঙ্গে সম্পর্ক যতটা দ্রুত সম্ভব মজবুত করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার জানান, তারা নির্বাচন কমিশনের কাছে জুলাই সনদের আইনি স্বীকৃতি চেয়েছেন। তবে একটি বড় দলের আপত্তির কারণে বিষয়টি ঝুলে আছে। তার অভিযোগ, তারা মৌলিক সংস্কার চায় না। নিজেদের ক্ষমতায় ভাবতে শুরু করেছে, এজন্যই ডাকসু-জাকসু নির্বাচনে ফল পেয়েছে।
তিনি আরও বলেন, জামায়াত একসঙ্গে নির্বাচন এবং আন্দোলন— দুই ধরনের প্রস্তুতি নিচ্ছে।
খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।








