আজ শুক্রবার বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলায় ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর। উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত ব্যক্তিদের মধ্যে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন উপজেলার বন্যাগাড়ী গ্রামের আজিম উদ্দিন, সুরমান আলী, আরমান আলী, আবুল হোসেন, রাশেদ হোসেন, আফজাল প্রামাণিক, সেলিম হোসেন ও সাব্বির হোসেন। এ ছাড়া কয়েকজনকে আটঘরিয়া ও পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের নাম পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটলংকা ও বন্যাগাড়ী গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় একটি ঈদগাহ মাঠের নামকরণ নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে কয়েকবার থানায় ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। এতে দুই গ্রামের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার দুপুরে নামফলক টানানোকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
অন্যদিকে বন্যাগাড়ী গ্রামের মানুষের দাবি, যেহেতু মাঠটি উভয় গ্রামের পূর্বপুরুষেরা একসঙ্গে ব্যবহার করে আসছেন, তাই নামকরণ করতে হবে ‘আটলংকা-বন্যাগাড়ী ঈদগাহ মাঠ’ নামে। মূলত এ নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে।








