ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

সাবেক এমপি চয়ন ও তার স্ত্রী কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক এমপি চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

১১ ফেব্রুয়ারি সকালে শাহজাদপুর চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর চৌকি আদালতের পরিদর্শক আশরাফ আলী  জানান, মারামারি ও বিস্ফোরক আইনের দুটি মামলায় তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বছরের ১৮ ও ১৯ ডিসেম্বর উপজেলার আব্দুল গফুরের ছেলে আব্দুল হামিদ ও লাল প্রামাণিকের ছেলে বাদশা মিয়া বাদী হয়ে মামলা দুটি করেছিলেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, মামলায় জোসনা খানমের নাম না থাকলেও সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এরআগে রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে আত্মগোপনে থাকা চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন টেপিরবাড়ি গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ। এরপর সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ