বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবির কারও কাছ থেকে পাঁচ টাকাও চাঁদা নেয়নি। কারও এক শতক জায়গাও দখল করেনি। তবে অন্যরা জায়গা দখল ও চাঁদা ঠিকই নিয়েছেন।
গত শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর অমুসলিমদের মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর পাহারা দিয়েছে জামায়াত-শিবিরের লোকেরা। অথচ অতীতে অন্যরা মন্দির ভেঙে জামায়াত-শিবিরের নাম দিয়েছেন। এ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে আর কোনো দলের পাহারার প্রয়োজন হবে না। ইসলামী সরকার তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। এ দেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই বাংলাদেশের নাগরিক। আর নাগরিক হিসেবে একজন মুসলমান যে অধিকার পাবে। একজন অমুসলিমও সেই অধিকার পাবে।








