ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

মতিঝিলে দিনে-দুপুরে ১৭ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মতিঝিলে গুলি করে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

৭ জুন বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে জনতা ব্যাংকের করপোরেট শাখার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা ছয়জন দুষ্কৃতিকারী তিনটি মোটরসাইকেলে করে এসে লোকমান (৪৫) নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় লোকমানের হাত ও পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলির দুটি খোসা উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাই হওয়া ব্যাগে আনুমানিক ১৭ লাখ টাকা ছিল।

এদিকে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় আমরা তদন্ত করছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। তবে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আহত ব্যক্তির হাসপাতালে আছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ