ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি

ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শিক্ষামন্ত্রীর অপসারণ এবং শিক্ষা খাতে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-র আহ্বানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দিল্লিতে পৌঁছেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

শনিবার ভোরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপকে বলেন, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তার দাবি, বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটের কারণে বহু শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যার ঘটনাও ঘটেছে।

সকাল ১১টার দিকে জন্তর মন্তরে পৌঁছালে সমর্থকেরা ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘জয় ভীম’ স্লোগানে তাকে স্বাগত জানান। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দীপকে বলেন, “দেশের তরুণরা আর ভয় পাবে না, তারা নিজেদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাবে।”

আয়োজকদের দাবি, বিক্ষোভে অংশ নিতে হাজারো মানুষ জন্তর মন্তরে জড়ো হয়েছেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন।

অন্যদিকে, সিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জন্তর মন্তরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। আটক হওয়ার আগে তারা ‘দিল্লি পুলিশ লাঠি চালাও, আমরা তোমাদের সঙ্গে আছি’ স্লোগান দেন।

দিল্লি পুলিশ পূর্বেই কর্মসূচিটির অনুমতি দিয়েছিল। বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের বই ও জাতীয় পতাকা সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে জন্তর মন্তরে আসার আহ্বান জানিয়েছিলেন অভিজিৎ দীপকে।

বিক্ষোভকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিল্লি হাই কোর্ট জননিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণসংক্রান্ত একটি জনস্বার্থ মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয়।

উল্লেখ্য, ‘তেলাপোকা জনতা পার্টি’ মূলত একটি ব্যঙ্গধর্মী অনলাইন আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। এক শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সুরিয়া কান্ত কিছু তরুণকে ‘ককরোচ’ (তেলাপোকা)-এর সঙ্গে তুলনা করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ওই মন্তব্যকে কেন্দ্র করেই ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনটির সূচনা হয়।

এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক এবং অভিনেতা প্রকাশ রাজসহ কয়েকজন পরিচিত ব্যক্তি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ