ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আমরা গড়বো উজ্জ্বল প্রজন্ম” স্লোগানে এগিয়ে চলছে ‘উদ্দীপ্ত তরুণ ছাত্র সংগঠন

গ্রামের অসহায় ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একদল তরুণ শিক্ষার্থী গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক এই সংগঠনের নাম ‘উদ্দীপ্ত তরুণ ছাত্র সংগঠন’।

“আমরা গড়বো উজ্জ্বল প্রজন্ম” এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের ২০ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক-২০২০ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গ্রামীণ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, অভিভাবকদের সচেতন করা এবং শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানে কাজ করে যাচ্ছে। সংগঠনের সদস্যদের মতে, প্রত্যন্ত অঞ্চলের অনেক পরিবার এখনও সন্তানদের পড়াশোনা, বন্ধুমহল, মোবাইল আসক্তি কিংবা মাদকাসক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যথেষ্ট সচেতন নয়। এসব বিষয়ে সচেতনতা তৈরিতে নিয়মিত কাজ করছে সংগঠনটি।

শুধু সচেতনতা নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের লক্ষ্যেও কাজ করে যাচ্ছে ‘উদ্দীপ্ত তরুণ ছাত্র সংগঠন’। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষামূলক বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন সংগঠনের মেধাবী সদস্যরা। ফলে গ্রামের শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা নিয়ে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাস তৈরি হচ্ছে।

বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৫০ জন। শুরুতে সদস্য ছিল ৩৬ জন। সংগঠনের প্রতিটি সদস্যই বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তাঁরা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বুয়েট, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মাদরাসায় অধ্যয়ন করছেন।

সংগঠনটির শুরুতে কোনো তহবিল ছিল না। বর্তমানে সদস্যদের মাসিক সর্বনিম্ন ৫০ টাকা চাঁদার মাধ্যমে পরিচালিত হচ্ছে সংগঠনের কার্যক্রম। সীমিত সামর্থ্য নিয়েও শিক্ষার্থীদের জন্য নানা সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ বাস্তবায়ন করে চলেছেন তারা।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বেশ কয়েকটি প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
SSC-24 ও HSC-24 ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, বিজ্ঞান ও মানবিক অলিম্পিয়াড-২০২৪ আয়োজন ও পুরস্কার বিতরণ, নবম, দশম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ক্লাসের আয়োজন ন্যাকবলিত এলাকায় আর্থিক সহায়তা প্রদান,অনলাইন ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান,SSC-26 মডেল টেস্ট আয়োজন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণে আর্থিক সহায়তা প্রদান সহ ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের হাতে “মিনি ফর্মূলা” বই পৌঁছে দেওয়া এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনের সদস্যরা জানান, সমাজ ও শিক্ষাব্যবস্থার ইতিবাচক পরিবর্তনে তরুণদের এগিয়ে আসা সময়ের দাবি। একটি সচেতন, দক্ষ ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে তারা ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যেতে চান।
উল্লেখ্য, সংগঠনটির সদস্য হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা এইচএসসি পাস।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ