ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

দলীয় আস্থার প্রতীক রুমা, পাবনা-সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে পাবনা–সিরাজগঞ্জ অঞ্চল থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের মিত্র জোটের পক্ষ থেকে ঘোষিত ৩৬ জনের চূড়ান্ত প্রার্থীর তালিকায় তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। তালিকাটি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী বাছাইয়ে রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্যকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব মানদণ্ডে এগিয়ে থাকায় অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা মনোনয়ন পেয়েছেন বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।

পাবনার চাটমোহর উপজেলার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা আরিফা সুলতানা রুমা একজন সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের কন্যা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন এবং ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।

গত দেড় দশকে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাঁর সক্রিয় অংশগ্রহণের বিষয়টি দলীয় মহলে আলোচিত। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে একাধিকবার পুলিশের বাধা, হামলা এবং মামলার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ২০১৮ সালে একটি মামলায় কারাভোগও করেন বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। এসব অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

স্থানীয় নেতাকর্মীদের মতে, রাজপথে ধারাবাহিক উপস্থিতি, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং মাঠপর্যায়ে নেতৃত্বদানের সক্ষমতার স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) এলাকায় নারী ভোটারদের সংগঠিত করা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় আরিফা সুলতানা রুমা দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের আদর্শ ধারণ করে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। একই সঙ্গে তিনি বলেন, নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নে কাজ করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদের এই আসনগুলোতে সরাসরি ভোটারদের অংশগ্রহণ না থাকলেও নির্বাচিত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই দলীয় প্রস্তুতি ও তৎপরতা জোরদার হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ