দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের উদ্বেগ তৈরি করে শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এসব প্রতিষ্ঠানের কাছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
প্রকাশিত তালিকায় দেশের বেশ কিছু বড় শিল্পগোষ্ঠী ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছে এস আলম গ্রুপের একাধিক প্রতিষ্ঠান, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো), কেয়া কসমেটিকস লিমিটেড, দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, পাওয়ার প্যাক মুতিয়ারা গ্রুপের দুটি বিদ্যুৎকেন্দ্র, প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।
অর্থমন্ত্রী জানান, বর্তমান সংসদ সদস্য ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা। তবে এর মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি হিসেবে দেখানো হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল পরিমাণ খেলাপি ঋণ দেশের ব্যাংকিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এতে আর্থিক শৃঙ্খলা ও ঋণ পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার করার প্রয়োজনীয়তা সামনে এসেছে।








