ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

জ্বালানি তেল নিয়ে সুখবর, বাড়ছে না দাম

বিশ্ববাজারে জ্বালানি সংকট ও মূল্য অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়মিত মূল্য সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকা আগের মতোই বহাল থাকবে। আগামী ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানি ব্যয় ও বৈশ্বিক বাজার বিশ্লেষণের ভিত্তিতেই এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এ পদক্ষেপ জ্বালানি খাতে একটি নিয়মতান্ত্রিক ও পূর্বানুমেয় নীতির অংশ, যা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে।

বর্তমান মজুত পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেছে সরকার। জানানো হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতির আশঙ্কা নেই। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে প্রায় ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। পাশাপাশি এপ্রিল মাসের জন্য আরও প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

এদিকে জ্বালানি সাশ্রয়ে বিকল্প পদক্ষেপ নিয়েও ভাবছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় হ্রাস এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর মতো বিষয়গুলো নিয়ে নীতিগত আলোচনা চলছে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আসবে এবং সামগ্রিকভাবে একটি সাশ্রয়ী পরিবেশ তৈরি হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ