দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের কৃষকরা ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে স্থানীয় বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই প্রকল্পের আওতায় দেশের ৫৩টি জেলায় একযোগে খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে।
তারেক রহমান বলেন, খাল খননের মাধ্যমে দেশের পানি সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্ষার পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বর্ষার পানি ধরে রাখতে পারলে কৃষকের উপকার হবে এবং উৎপাদন বাড়বে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের মৌলিক খাদ্য যেমন ধান ও চাল উৎপাদনের জন্য বাংলাদেশকে উপযুক্ত করে সৃষ্টি করেছেন আল্লাহ। তাই কৃষকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, ইতোমধ্যে ৩৭ হাজার মায়ের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। একইভাবে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা আরও সহজে সরকারি সহায়তা পেতে পারেন।
এছাড়া কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এ বিষয়ে শিল্প মালিকদের সঙ্গে আলোচনা করে কৃষিনির্ভর নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
এর আগে সকালে সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সড়কপথে কর্মসূচিস্থলে যান।
পরে সাহাপাড়ায় নিজ হাতে কোদাল চালিয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। এলাকাবাসীর আশা, খাল পুনঃখননের মাধ্যমে দীর্ঘদিনের পানি সংকটের সমাধান হবে।








