ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ডিএনসিসি অর্থনৈতিক অবস্থা খুবই বেহাল দশা: মিল্টন

রাজধানীর উন্নয়ন কার্যক্রমে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন জানিয়েছেন, করপোরেশনের বর্তমান আর্থিক অবস্থা ‘ভঙ্গুর’—হাতে রয়েছে মাত্র ২৫ কোটি টাকা, অথচ এরই মধ্যে ১৪৭০ কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

প্রশাসক বলেন, রাজস্ব খাতের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, করপোরেশনের মাসিক বেতন ব্যয় প্রায় ১৩ কোটি টাকা। বর্তমান হিসাবে হাতে থাকা ২৫ কোটি টাকা থেকে বেতন পরিশোধের পর অবশিষ্ট থাকবে প্রায় ১২ কোটি টাকা।

“এই অবস্থায় উন্নয়ন কর্মকাণ্ড কীভাবে চালানো হবে, তা নিয়ে আমরা গভীরভাবে ভাবছি,”—যোগ করেন তিনি।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচনের দুই দিন আগে, ১০ ফেব্রুয়ারি সাবেক প্রশাসক শেষ কর্মদিবসে ৩৪টি ফাইলে স্বাক্ষর করেন। বর্তমানে নতুন প্রশাসন মাত্র সাতদিন দায়িত্বে রয়েছে।

“আমরা মাত্র সাতদিন হলো দায়িত্ব নিয়েছি। সাংবাদিকদের সহযোগিতা চাই, যাতে জনকল্যাণমূলক কাজ সহজভাবে এগিয়ে নিতে পারি,”—বলেন শফিকুল ইসলাম খান।

প্রশাসক জানান, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস পেয়েছেন।
“আমরা হতাশ নই। জনকল্যাণে আমাদের অঙ্গীকার বাস্তবায়নে কাজ চালিয়ে যাব,”—বলেন তিনি।

ডিএনসিসির আওতাধীন ২৯টি খালের বিষয়ে প্রশাসক বলেন, পুনরায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হবে। যেসব খালে নাব্যতা কমেছে, সেখানে এস্কেভেটর দিয়ে খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

“অতীতে কী হয়েছে, তা সবারই জানা। আমরা ভবিষ্যতে কী করব, সেটাই এখন গুরুত্বপূর্ণ,”—মন্তব্য করেন তিনি।

খাল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা প্রসঙ্গে প্রশাসক বলেন, ঈদের পর আইন ও পরিবেশ সংস্থার সমন্বয়ে নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

তবে নিম্নআয়ের বা ছিন্নমূল মানুষদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন,
“আলোচনার মাধ্যমে বিকল্প বাসস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে আমরা সমাধানের পথ খুঁজব।”

বর্তমান আর্থিক সংকটের মধ্যেই নগরবাসীর সেবা অব্যাহত রাখা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ডিএনসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ