শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির দেখা মিলেছে। সোমবার (২ মার্চ) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং দুপুরের দিকে নগরীর কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিনে ঢাকাসহ দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (৪ মার্চ) ও বৃহস্পতিবার (৫ মার্চ) সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতে কিছুটা বাড়তে পারে।
শুক্রবার (৬ মার্চ) সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে আবারও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মাঝামাঝি সময়ে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে পরবর্তী সময়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








