ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিস্ফোরণ ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ঢাকা থেকে ওই অঞ্চলে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনগামী সব ফ্লাইট আপাতত বন্ধ রাখা হয়েছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান হামলা ও নিরাপত্তা ঝুঁকির কারণে সংস্থাটির সব মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু করা হবে।
অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে রিয়াদ, জেদ্দা এবং দাম্মামসহ মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার কোনো উড়োজাহাজ আকাশে ছিল না; সবগুলো সংশ্লিষ্ট বিমানবন্দরে অবস্থান করছে।
বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নত হলে পরবর্তী সময়ে ফ্লাইট চালুর বিষয়ে নতুন করে ঘোষণা দেওয়া হবে।








