ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ভারতীয় ভিসা চালু বিষয়ে সুসংবাদ দিলেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ ইসলাম রিংকু জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন–এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিক করার বিষয়ে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে কাজ করছে, যাতে বাংলাদেশি নাগরিকরা সহজেই ভারতে ভ্রমণ করতে পারেন।

তিনি জানান, ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ